প্রিন্ট এর তারিখঃ Sep 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 5, 2026 ইং
চূড়ান্ত ডাক এলে সবাইকে বের হতে হবে": ফেনীতে শফিকুর রহমান

আনোয়ার হোসেন ফেনী ঃ-জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, তারা কিছুটা সময় দিচ্ছেন, তবে এই সময় দীর্ঘ হবে না। তিনি সবাইকে প্রস্তুত থাকতে বলে জানান, চূড়ান্ত ডাক এলে সবাইকে রাস্তায় নামতে হবে এবং তরুণদের পাশে সবাই থাকবেন বলে ঘোষণা দেন। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ চলাকালে ফেনীর মহিপালে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশে নতুন করে ফ্যাসিবাদের আশঙ্কা প্রকাশ করে শফিকুর রহমান বলেন, তারা কোনো দলীয় স্বার্থ বা নেতৃত্বের দাবিতে রাস্তায় নামেননি, বরং নতুন করে ফ্যাসিবাদের ইঙ্গিত দেখতে পাচ্ছেন। তিনি স্মরণ করিয়ে দেন, পুরনো ফ্যাসিবাদ হটাতে জনগণকে দীর্ঘ সাড়ে ১৫ বছর ধরে লড়াই-সংগ্রাম করতে হয়েছে এবং সাড়ে তিন হাজারের বেশি মানুষকে জীবন দিতে হয়েছে, যার মধ্যে শুধু জুলাই মাসেই প্রাণ হারান চৌদ্দশ'র বেশি মানুষ। তবে সতর্ক করে তিনি বলেন, নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে তাদের জন্য অতটা সময় লাগবে না।
দীর্ঘদিনের সহযোদ্ধাদের প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, কার কতটুকু সাহস আছে তা তাদের জানা। বর্তমানে তাদের ভয় দেখানোর প্রচেষ্টা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বিগত সাড়ে ১৫ বছরে সরকারের অনুমতি ছাড়া ১০ জন মানুষ রাস্তায় নামার সাহস কেউ দেখায়নি। তিনি স্পষ্ট করেন, তারা কোনো ধরনের ভয়ভীতিকে গুরুত্ব দেন না, একমাত্র আল্লাহকে ছাড়া। জনগণের পাশে সবসময় থাকার অঙ্গীকার করে তিনি বলেন, দেশের প্রতিকূল পরিস্থিতিতেও তারা দেশত্যাগ করেননি, বরং জনগণের সুখে-দুঃখে পাশে থেকেছেন। যারা সামান্য প্রতিকূলতা দেখলেই আত্মগোপনে চলে যায় তাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, অতীত ও বর্তমানের এসব চরিত্র জনগণের অজানা নয়। তিনি প্রতিশ্রুতি দেন, আল্লাহ বাঁচিয়ে রাখলে যেকোনো বিপদেও তিনি জনগণের পাশে থাকবেন।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, ঢাকা থেকে ফেনী আসার পথে তিনি বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের চিত্র দেখেছেন, অথচ জাতীয় সংসদ ভবন ও বিদ্যুৎমন্ত্রীর বাসভবনে বিদ্যুতের কোনো সংকট নেই। সরকারের পক্ষ থেকে সংকট অস্বীকারের প্রবণতার সমালোচনা করে তিনি মন্তব্য করেন, জাতীয় সংসদে দাঁড়িয়ে মিথ্যা বলার মাধ্যমে দেশের মানুষের প্রকৃত সমস্যার সমাধান সম্ভব নয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ bangladeshexpress24