মো: আফসার খাঁন, কালিয়াকৈর(গাজীপুর)
গাজীপুরের কালিয়াকৈরে গতকাল শনিবার সকালে সিএনজি ও কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে মা-ছেলেসহ সিএনজির চালকসহ ৪যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১জন। তাৎক্ষণিক ভাবে হতাহতের নাম পরিচয় জানা যায়নি। শনিবার সকালে কালিয়াকৈর বাজার এলাকা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি উপজেলার ফুলবাড়িয়া দিকে যাচ্ছিল। যাওয়ার পথে সকাল সাড়ে ১১টার দিকে সিএনজিটি কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা সড়কের উপজেলার কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় যাত্রীবাহী সিএনজিটি দুমড়ে মুচড়ে ও কভার্ডভ্যানসহ দুটি গাড়ি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় দুইজন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে নিলে আরো ২জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। এ ছাড়াও হাসপাতাল থেকে আরো ২জনের লাশ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক ভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
###